ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আন্দোলনের আবহ তৈরি হয়েছে। এসআইআরের (Special Intensive Revision) চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাম বাদ পড়ার অভিযোগে ৬ মার্চ কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, দুপুর ২টা থেকে শুরু হবে এই অনশন কর্মসূচি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৬ মার্চ মুখ্যমন্ত্রী নিজেই ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশনে বসবেন। দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে এবং কলকাতা ও পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী এসআইআর ইস্যুতে শুরু থেকেই সরব ছিলেন। ফেব্রুয়ারির শুরুতে তিনি সুপ্রিম কোর্টে হাজির হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পরে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আবারও আদালতের দ্বারস্থ হন তিনি।
তার আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কলকাতা হাইকোর্টকে অবহিত না করে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে।
মুখ্যমন্ত্রী ও দলের পক্ষের অভিযোগ, একাধিক ব্লক লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা, সাধারণ মানুষের হয়রানি এবং তালিকায় অসঙ্গতি রয়েছে। তৃণমূলের রাজনৈতিক মহল মনে করছে, ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর অনশন তার পুরোনো আন্দোলনের ইমেজকে সামনে এনে জনমত সংগঠনের চেষ্টা।
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। তৃণমূল নেতারা বলছেন, তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে, তবে বিজেপি দাবি করছে, নির্বাচন কমিশন নিয়ম মেনে কাজ করেছে।
৬ মার্চের অনশনকে ঘিরে কলকাতায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। ধর্মতলা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হতে পারে। রাজনৈতিক মহলের নজর রয়েছে মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চ থেকে বার্তা এবং পরবর্তী কর্মসূচি কী হবে তার ওপর।