প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬ ২১:২১ (বুধবার)
তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

ছবি: সংগৃহীত

সরকারের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ রদবদল এনে তিনটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া সচিবরা হলেন- মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার বিধান অনুযায়ী চুক্তিভিত্তিকভাবে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। এ সময় অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ (সিনিয়র) তথ্য কর্মকর্তা (গ্রেড-৬) আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।