প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬ ২২:৩৪ (বুধবার)
১৯৫০ বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলেনি ৬ দল

ছবি: সংগৃহীত

১৯৫০ সালের ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক বিরল ঘটনা ঘটে- মোট ১৬টি দল অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে খেলেছিল মাত্র ১৩ দল। এমনকি কয়েকটি দল সুযোগ পেলেও বিশ্বকাপে অংশ নিতে যায়নি।

এশিয়া অঞ্চলের বাছাইপর্বে নাম লিখিয়েছিল ভারত, বার্মা (বর্তমান মিয়ানমার), ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। কিন্তু বার্মা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন বাছাইপর্ব শুরুর আগেই নাম প্রত্যাহার করে। ফলে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে সুযোগ পায় ভারত। কিন্তু ভারতের দলও আর্থিক সমস্যার কারণে ব্রাজিলে যেতে পারেনি। এছাড়া একটি তত্ত্ব আছে, ফিফা ভারতীয় খেলোয়াড়দের খালি পায়ে খেলার অনুমতি না দেওয়ায় ভারত বিশ্বকাপে যায়নি।

ইউরোপ থেকে সুযোগ পাওয়া স্কটল্যান্ডও বিশ্বকাপে যায়নি। ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন না হলে স্কটিশরা বিশ্বকাপে যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল।

তুরস্কও শেষ পর্যন্ত আর্থিক কারণে বিশ্বকাপে অংশ নিতে পারেনি। ফ্রান্স ও আয়ারল্যান্ডকেও ফিফা অংশগ্রহণের প্রস্তাব দেয়। ফ্রান্স ভ্রমণ ও ক্লান্তি অজুহাতে, আর আইরিশরা খরচের কারণে প্রস্তাব ফিরিয়ে দেয়।

ফলে ১৯৫০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মাত্র ১৩টি দলের অংশগ্রহণে, যেখানে এই ছয়টি দল সুযোগ পেলেও অংশগ্রহণ করতে পারেনি।