সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ ২ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ সংবাদ পায় চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকা থেকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বোঝাই একটি ডিআই পিকআপ যোগে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
এমন সংবাদে তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপকে থামার সংকেত দেন। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে ড্রাইভারসহ দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে ও গাড়িটি তল্লাসি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩ শত ৪ পিস পন্ডস ফেসওয়াস জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬ শত টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।