ছবি: সংগৃহীত
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা-র মধ্যকার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি কাতার থেকে ইউরোপে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
মূলত কাতারের দোহায় এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে। ফলে কাতারে এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে।
এমন পরিস্থিতিতে ম্যাচটির নতুন ভেন্যু নির্ধারণে আলোচনা শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। তারা ইউরোপের কোনো দেশে ম্যাচটি আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রাথমিকভাবে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে লন্ডন। তবে একই দিনে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম-এ ইংল্যান্ড ও উরুগুয়ের একটি ম্যাচ থাকায় সেখানে ফিনালিসিমা আয়োজন জটিল হয়ে পড়েছে। লন্ডনের অন্যান্য স্টেডিয়ামগুলো এত বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয় বলেও জানা গেছে।
এদিকে স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চাচ্ছে। কারণ মার্চের আন্তর্জাতিক বিরতি জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সময়। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু চূড়ান্ত করা জরুরি।
স্পেন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে আগ্রহী থাকলেও বিকল্প প্রতিপক্ষের কথাও ভাবছে, যাতে আন্তর্জাতিক উইন্ডো নষ্ট না হয়। ফিনালিসিমা ম্যাচের তিন দিন পর স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর।
সব কিছু ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপের কোনো মাঠেই অনুষ্ঠিত হতে পারে ফিনালিসিমার এই হাইভোল্টেজ ম্যাচ। যেখানে মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিওনেল মেসি-র আর্জেন্টিনা ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল-এর স্পেনের।