প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬ ১৫:১৯ (বৃহস্পতিবার)
শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এনসিপির স্লোগান: সমালোচনার ঝড়

সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তৈরি করেছে। বুধবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ আদায়ের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কয়েকজন নেতা, নাসীরুদ্দীন পাটওয়ারী, নাহিদ ইসলাম ও সারজিস আলম, মাজার প্রাঙ্গণে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক মাজারে জড়ো হন। একপর্যায়ে নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান দেন। অন্যান্য উপস্থিতরা তার সঙ্গে সুর মিলিয়ে ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘দিল্লি না সিলেট, সিলেট, সিলেট’, ‘আজাদি না গোলামি, আজাদি আজাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’- এমন নানা স্লোগান দেন। অন্য নেতাকর্মীরা তার সাথে সুর মেলান।

এদিকে, বিষয়য়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পবিত্র এই স্থানে এমন কর্মকান্ডে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন সিলেটের মানুষ। 

সিলেট জেলা বিএনপির উপ দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লেখেন, সিলেটে একটি বেয়াদব চক্র পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। টোকাই–কিশোর গ্যাং ও ভাড়াটে উচ্ছৃঙ্খলদের ব্যবহার করে সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার এই প্রবণতা এখনই কঠোরভাবে দমন করা জরুরি। এ ক্ষেত্রে সিলেটের সচেতন নাগরিক সমাজের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণ ও অভ্যন্তরে পরিকল্পিত স্লোগানে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনীতি বা শিষ্টাচারের পরিচয় হতে পারে না। প্রত্যক্ষ অভিজ্ঞতায় স্পষ্ট- এই উচ্ছৃঙ্খলদের নেই ধর্মীয় সংযম, সামাজিক শালীনতা কিংবা পবিত্র স্থানের প্রতি ন্যূনতম সম্মানবোধ।

নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম ফেসবুকে লেখেন, “সুলতানুল বাঙ্গাল হজরত শাহজালাল (রহঃ)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। আজ মধ‍্যরাতে মাজার জিয়ারতের নামে এনসিপির নেতৃবৃন্দ যে আচরণ করলেন তা সুফি দরগার আদবের খেলাফ। হিলা ইবাদতখানার উপরে উঠে সারজিস আলম স্লোগান দিলেন, ‘দিল্লি না ঢাকা’!!! তাদের এই আচরণে আমি ক্ষুব্ধ।”

এছাড়া আরও অনেকে ফেসবুকে লিখেছেন, মাজার জিয়ারতের স্থান, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। পবিত্র এই স্থানে এমন কাজ কল্পনার বাহিরে। সেক্ষেত্রে অনেকে এনসিপি নেতাদের রাজনৈতিক অপরিপক্কতার কথার উল্লেখ করেছেন। সিলেটের ইতিহাসে আগে এমন ঘটনা ঘটেনি বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল গণমাধ্যমকে বলেন, ‘দরগাহে নামাজ ও জিয়ারত করতে গিয়েছিলেন তারা, সেখানে স্লোগান দেওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। ভবিষ্যতে যেন এমন ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’