প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬ ২০:১৮ (শনিবার)
ব্যবসায়ীর কাছে আ. লীগ নেতার চাঁদা দাবি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ)  বিকেলে বাদাঘাট বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তার বলেন, ‘বাদাঘাট বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’ তারা প্রধান অভিযুক্তসহ এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

এদিকে, শুক্রবার রাতেই আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি বাদাঘাট বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে বাদাঘাট বাজারে যাওয়ার পথে আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আফতাব উদ্দিন ধারালো কিরিচ দিয়ে তার মাথায় কোপ দিলে মাথার ডান পাশে গুরুতর জখম হয়। পরে আবার কোপ দিলে তা তার ডান হাতের কনুইয়ের নিচে লাগে। এ সময় অন্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বাজারে কোনো চাঁদাবাজের স্থান নেই।’ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে আফতাব উদ্দিন বলেন, ‘নূরপুর গ্রামের লিটনের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছে জানতে চাইলে দেলোয়ার হোসেন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে থানায় মামলা করেছে।’

তাহিরপুর থানার (ওসি)  আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।