ছবি: সংগৃহীত
গেলো ফেব্রুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বেশি।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে সংগঠনটি এ পরিসংখ্যান প্রস্তুত করেছে।
সমিতির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ২৮ দিনে সড়কপথে ৪৪৮টি দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ছয়টি দুর্ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। এ বিভাগে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন।
সংগঠনটির তথ্যমতে, মোট দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। ফেব্রুয়ারিতে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন।
এছাড়া মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।