প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬ ১৪:০৪ (শনিবার)
সিলেটে ছি*ন/তাই নিয়ে ক্ষোভ, এর পেছনে কারা: মন্ত্রী আরিফ

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একটি নিরাপদ সিলেট গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাই শান্তিপূর্ণ সিলেট চান। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

হোলি উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মণিপুরী সম্প্রদায়ের মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এই সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সেই ধারা এখনো অব্যাহত রয়েছে।

একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুর স্টেট কলা একাডেমির ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবে। প্রবাসীদের সমস্যার সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যেসব বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন।

তিনি বলেন, হোলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।