সিলেট সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শূন্যরেখা থেকে ৮ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত সীমান্ত সংলগ্ন এলাকা এবং স্থলবন্দর, এলসিপি ও আইসিপি এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে।
এর অংশ হিসেবে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ এবং চিহ্নিত রুটগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রমও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজিবি জানায়, সন্দেহভাজন রুটগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, কাস্টমস, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সম্ভাব্য জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বৈধ সীমান্ত বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।