ছবি: আমিনুল ইসলাম
সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস গ্রহণ, চোরাচালান, খনিজ বালি-পাথর লুট এবং টেলিভিশন উপহার নেওয়ার অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রমাণ পাওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনটি পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পাঠানো হয়েছে।
গেলো বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স ও সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, তাহিরপুর থানায় যোগদানের পর ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস গ্রহণ, চোরাচালান, খনিজ বালি-পাথর লুট এবং একাধিক মামলার আসামির এক স্বজনের কাছ থেকে একটি রঙিন টেলিভিশন উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে সুনামগঞ্জ জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) এবং একজন পুলিশ পরিদর্শককে অন্তর্ভুক্ত করা হয়। কমিটি গত ২১ ফেব্রুয়ারি থেকে প্রকাশ্য ও গোপনে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে গত ২ মার্চ তদন্ত প্রতিবেদন সিলেট রেঞ্জ ডিআইজির কাছে পাঠানো হয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেভিল হান্ট অভিযানে পুনরায় গ্রেফতারের ভয় দেখিয়ে এক আসামির স্বজনের কাছ থেকে একটি রঙিন টেলিভিশন উপহার নেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং ওই টেলিভিশনটি ওসি আমিনুল নিজেই ব্যবহার করছেন। এছাড়া তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘুসকাণ্ডে তার জড়িত থাকার অডিওও সংগ্রহ করেছে তদন্ত কমিটি।
এছাড়া অভিযোগ রয়েছে, এর আগে হবিগঞ্জ ডিবিতে কর্মরত থাকাকালে প্রতিপক্ষের কাছ থেকে অর্থ নিয়ে এক প্রবীণ ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসিয়েছিলেন তিনি। পরে আদালতে চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যক্তি অব্যাহতি পান। এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়।
তবে ওসি আমিনুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন।
তদন্ত কমিটির সদস্য সহকারী পুলিশ সুপার প্রণয় রায় জানান, তদন্ত শেষে প্রতিবেদন সিলেট রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।