মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং নিরাপত্তাজনিত ঝুঁকির প্রভাবে বিশ্ব তেলের বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। জানুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত তেলের দাম প্রায় ৪২% বৃদ্ধি পেয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, শনিবার (৭ মার্চ) দুপুর ৩টার দিকে লাইভ মার্কেট ডেটা অনুযায়ী ওয়েস্ট টেক্সাস ইনটারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯২.৬২ ডলার প্রতি ব্যারেল পৌঁছেছে। রোববার (৮ মার্চ) তা ৯৩.৩২ ডলারে পৌঁছায়, যা শুক্রবারের তুলনায় প্রায় ৩ ডলার বেশি। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দাম ৭.৫৩ ডলার বা ৯.৩০% বৃদ্ধি পেয়েছিল।
বিশ্ববাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড তেলের দামও দ্রুত বাড়ছে। মুরবান ক্রুড তেলের দাম ১০২.২০ ডলার পার হয়েছে, যা শুক্রবারে ৬.০৪ ডলার বা ৬.৩৯% বৃদ্ধি পেয়েছিল। প্রাকৃতিক গ্যাসের দামও ৩.০৯১ ডলার থেকে বেড়ে ৩.১১৬ ডলারে উঠেছে।
২০২৬ সালের জানুয়ারিতে ব্রেন্ট তেলের গড় দাম ছিল ৬৪–৬৭ ডলার প্রতি ব্যারেল। মার্চের শুরুতে তা প্রায় ৯২ ডলারে পৌঁছেছে, অর্থাৎ জানুয়ারির তুলনায় দাম প্রায় ২৭ ডলার বেড়েছে, যা প্রায় ৪০–৪২% বৃদ্ধি নির্দেশ করে।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির মূল কারণ সরবরাহে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঝুঁকির মধ্যে রয়েছে। এএফপি’র বিশ্লেষণ অনুযায়ী, সোমবার থেকে এই নৌপথ অতিক্রম করেছে মাত্র ৯টি তেল ট্যাঙ্কার, কার্গো ও কনটেইনার জাহাজ, কিছু জাহাজ তাদের অবস্থান গোপন করেছিল। রোববার তিনটি জাহাজে হামলার পর এই প্রণালী প্রায় বন্ধ হয়ে যায়। এই নৌপথের মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০% পরিবহন করা হয়।