প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি খারাপ হলে ঐ অঞ্চলের প্রবাসীদের দেশে ফেরানোর পরিকল্পনাও রয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা আইশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী সিলেট জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সরকারি সম্পদ বালু-পাথর লুট প্রতিরোধ ও পরিবেশ রক্ষার জন্য কঠোর নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, অপরাধীদের কোনো দল নেই। কেউ যদি সরকারি দলের সদস্যও হয়, তার বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।