প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ ২০:০৮ (সোমবার)
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ও মানসিক স্বাস্থ্যসেবা’ কার্যক্রম চালুর নির্দেশ

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি। মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়-এর নির্দেশনা অনুযায়ী কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ শীর্ষক ম্যানুয়ালের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের মাধ্যমে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত ও নির্ধারিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একদিনের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করবেন।

প্রশিক্ষণ শেষে নিয়মিত অনুশীলন কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠন করতে হবে। প্রশিক্ষণ ম্যানুয়ালের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী এই মনিটরিং পুল কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা প্রদান করা হবে।

এছাড়া প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্যও এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে ব্যাচ আকারে প্রশিক্ষণ আয়োজন করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদেরও প্রশিক্ষণের আওতায় আনা যেতে পারে।

কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট অঞ্চল, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করার কথাও উল্লেখ করা হয়েছে।