প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ ২১:৫৫ (সোমবার)
অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে আটক, গাছে বেঁধে জিজ্ঞাসাবাদ  

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে অটো রিকশা চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আলীরাজ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি গ্রামবাসীর হাতে আটক হয়েছে। আটককৃত আলীরাজ উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের ওমর গণির ছেলে। পরে এলাকাবাসী মধ্যযুগীয় কায়দায় ঘন্টাখানেক  গাছে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদের পর তাকে থানা পুলিশে তাকে সোপর্দ করে।

রবিবার (৮ মার্চ)  ভোর রাতে সেহেরির আগে তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা দরগাহাটি এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, আটকৃত আলীরাজ ও তার কয়েক সহযোগী প্রথমে তাহিরপুর সদরের ধুতমা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে। পরে চিকসা গ্রামে গিয়ে আরও একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসীরা ধাওয়া দিলে তারা চুরি করা মোটরসাইকেলটি ফেলে জঙ্গলে লুকিয়ে পড়ে। 

এরপর সেহেরির আগে চিকসা দরগা হাটির লেবু মিয়ার বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে পালিয়ে যায়। লেবু মিয়ার পরিবারের লোকজন সেহেরির সময় ঘুম থেকে উঠে অটোরিকশা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একটি সিএনজি নিয়ে অটোরিকশা খোঁজতে বের হন। এক পর্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকার সড়কের পাশে গিয়ে দেখতে পান আলীরাজ দুর্ঘটনার কবলে পড়ে আছে। সে তাদের গাড়িতে করে বাড়ি যেতে চাইলে তাদের সন্দেহ হয়। পরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি দেখতে পান তারা। একপর্যায়ে গ্রামবাসীরা তাকে আটক করে চিকসা গ্রামে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে ঘন্টাখানেক সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রবিবার সকাল ৯টায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুশংকর পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রামবাসীরা গাড়ি সহ এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশকে অবগত করলে তাকে উদ্ধার করা হয়। আটক আলীরাজ চুরির একাধিক মামলার আসামি এবং এর আগেও চুরির মামলায় জেল খেটেছে।