ছবি: সংগৃহীত
বাংলাদেশে মূল্যস্ফীতি আবার ৯ শতাংশের ঘরে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। এটি প্রায় নয় মাস পর আবার ৯ শতাংশের ঘরে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। গত বছরের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯.০৫ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৮ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দামের উর্ধ্বগতি এই বৃদ্ধি ধাক্কা দিয়েছে। খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারির ৮.২৯ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে বেড়ে ৯.৩০ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও জানুয়ারির ৮.৮১ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে বেড়ে ৯.০১ শতাংশ পৌঁছেছে।
এর অর্থ, স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, আবাসন, পরিবহণ, পোশাক ও স্বাস্থ্যসেবা খাতের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, দেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা শিথিলতা দেখা গেলেও ১২ মাসের গড় হিসেবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের বেশি ছিল। বাংলাদেশ ব্যাংক বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করলেও খাদ্য ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।