প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ১৫:২৮ (মঙ্গলবার)
আজও সিলেটে বৃষ্টির সম্ভাবনা

গতকাল সোমবার (৯ মার্চ) রাতে সিলেট জেলাসহ পুরো বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। কোথাও মুষলধারে, কোথাও গুড়ি গুড়ি। আজ মঙ্গলবার (১০ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টিতে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে টেকনাফ ও যশোরে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোায়াখালীর হাতিয়ায় ১৯ মিলিমিটার।