সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভিতে দেখা ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানে ধরা পড়া ওই ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃত রশিদ আহমদ ওরফে রশিদ আলী সিলেট জেলার কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।
পুলিশের একটি সূত্র জানায়, আটককৃত রশিদ আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি রশিদ আলী বলে পুলিশ ধারণা করছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত মাসের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর হাউজিং এস্টেট এলাকার ভেতরের সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে এসে ৬ জন ব্যক্তি অটোরিকশাটি থামিয়ে যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণ টানাহেঁচড়ার পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেল আরোহীরা দ্রুত সেখান থেকে চলে যায়।
এ সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন আক্তার এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরি সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অটোরিকশা থামিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা কয়েকটি চেকপাতা, আইফোন ও এটিএম কার্ড ছিল।
পরে ছিনতাইকারীরা ব্যাগ থেকে টাকা নেওয়ার পর আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায় বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হতে পারে বলে জানা গেছে।