প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ ১২:১২ (শুক্রবার)
সিলেটে পাম্পে তেল নেই, বসতঘরে ড্রামে মজুদ করছিলেন তারা

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের মধ্যে সিলেট নগরীতে একটি বসতবাড়িতে ড্রামে করে ডিজেল মজুদের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়িতে ড্রামে করে ডিজেল মজুদের অভিযোগে তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় আনুমানিক ৮০০ লিটার ডিজেল।

আটককৃতরা হলেন সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, ধোপাগুল এলাকার ওসমান (৫৫), একই এলাকার হাফিজ মোহাম্মদ লাহিম মিয়া (৩৬) এবং জাকির হোসেন (৩৫)।

পুলিশ বলছে, তারা নিজ বাড়িতে ড্রামে করে ডিজেল মজুদ করে রেখেছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। অনেক স্থানে পাম্পে ‘তেল নেই’ লেখা সাঁটিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিসরে তেল বিক্রি করা হচ্ছে। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

জ্বালানি বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত মাসের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে আতঙ্কের কেনাকাটা বেড়ে যাওয়ায় অনেক এলাকায় জ্বালানির চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যেই সিলেটে জ্বালানি তেল সরবরাহ ও পাম্পে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার নেতারা এক সংবাদ সম্মেলনে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা দেন।

ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে সিলেটের কয়েকটি পেট্রোল পাম্পে মালিক ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে চৌকিদেখীর উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল না পেয়ে এক কর্মীকে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। আহত ওই কর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৯ মার্চ) তিনজনকে আটক করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।