ছবি: সংগৃহীত
সিলেট সদর উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ডিজেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এবং সরাসরি অংশগ্রহণে পুলিশের সহযোগিতায় সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত বাড়ি থেকে বিভিন্ন ট্রাকে অবৈধভাবে মজুদকৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। পরবর্তীতে সরাসরি সার্ভিলেন্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হলে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১০টি ড্রামের মধ্যে ৫টি ড্রাম ভর্তি ডিজেল এবং ৫টি খালি ড্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ড্রামগুলো থেকে সন্ধ্যা থেকে বিভিন্ন ট্রাকে ডিজেল সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।
আটককৃত বাড়ির মালিকের নাম মো. ওসমান গনি। তিনি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল হাজীবাড়ির বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।