ছবি: সংগৃহীত
দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিবেচনায় এ নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান ও এসি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। দিনের আলো বেশি ব্যবহার করতে হবে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, অফিসিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে।
এ ছাড়া জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ, অপ্রয়োজনীয় সাজসজ্জা এবং ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার কারণে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত পূর্বের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।