প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ১২:৪৮ (বৃহস্পতিবার)
সিলেটে ছেলেকে শাসন করায় ছোট ভাইয়ের প্রাণ নিলেন বড় ভাই

মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করায় ছোট ভাই তামিম আহমদকে (১৬) ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করলেন বড় ভাই হানিফ মিয়া (৩৫)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামিম আহমদ (১৬) ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর ৮ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট। এ ঘটনায় পুরো পরিবারজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মিথ্যা কথা বলায় অভিযুক্ত হানিফ মিয়ার ছেলেকে তামিম শাসন করার একপর্যায়ে চড় মারে। বিষয়টি হানিফ মিয়াকে জানায় তার ছেলে। হানিফ ক্ষিপ্ত হয়ে তামিমকে ডেকে নিয়ে জামার কলার চেপে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এরপর প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয় তামিমের।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে  যায়। অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত তামিমের বড় বোন তানিয়া বেগম বলেন, তামিম ও হানিফের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ৬ মাস পূর্বে আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলে হানিফ। ওই ঘটনায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

তিনি বলেন, আজ যখন ঘটনা ঘটে তখন আমি স্বামীর বাড়িতে ছিলাম, খবর পেয়ে ছুটে যাই। আমার ভাই খুব ভালো ছিল, বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সহযোগিতা করত। সে আমাদের ভাই-বোনদের মধ্যে সবার ছোট।