প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ১৩:২৫ (বৃহস্পতিবার)
সিলেটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল: হলেন ব/র/খা/স্ত

শিবু দাসের ছোট ভাই দীপ দাস হৃদয়কে নারীদের টাকা ফেরত দিতে দেখা গেছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা অফিসে ফ্যামিলি কার্ডের নামে নারীদের কাছ থেকে ১২০ থেকে ১৩০ টাকা করে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শিবু দাসের ছোট ভাই দীপ দাস হৃদয় উদ্যোক্তা অফিসে বসে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শিবু দাস ও তার ছোট ভাই দীপ দাস হৃদয় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উদ্যোক্তা অফিসে বসে প্রতি নারীর কাছ থেকে ১২০ থেকে ১৩০ টাকা করে নেওয়া হচ্ছে। এ সময় স্থানীয় এক ব্যক্তি এর প্রতিবাদ করেন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার দাবি জানান।

ভিডিওতে ওই ব্যক্তিকে উপস্থিত নারীদের কাছে জানতে চাইতে দেখা যায়, তারা কত টাকা দিয়েছেন। এ সময় কয়েকজন নারী জানান, তারা প্রত্যেকে ১২০ থেকে ১৩০ টাকা করে দিয়েছেন। পরে পরিস্থিতির চাপে দীপ দাস হৃদয়কে টেবিলের ড্রয়ার থেকে টাকা বের করে কয়েকজন নারীকে ফেরত দিতেও দেখা যায়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রথম ধাপের তালিকায় গোয়াইনঘাট উপজেলার নাম না থাকলেও ডৌবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনিয়মের বিষয়টি স্পষ্টভাবে দেখা গেছে। এ ঘটনায় ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।