সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন ও চোরাচালানকারিসহ মোট ৬৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এছাড়া এসএমপি ডিবির অভিযানে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১২৫ পিস ভারতীয় ফেইসওয়াশ, ১৪৬ পিস মেহেদী এবং ৫২৫ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জনকে আটক করা হয়েছে। মাদকসহ ও মাদকসেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় ১০ জনকে আটক করা হয়। নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে আরও ১৪ জনকে আটক করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে একজন চোর ও চারজন হকারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।