প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২০:৪১ (শনিবার)
ওমানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নি হ ত

ছবি: সংগৃহীত

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) সোহার প্রদেশের আল-ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়ে সেখানে অবস্থানরত দুই প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও দুইজন আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, একই প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, দুটি ঘটনাই তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগেই একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগে ড্রোনটি ধ্বংস করা হয়। এর আগে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র।