প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২১:৫৫ (শনিবার)
ভারতের সবচেয়ে ধনী তারকা শাহরুখ খান

ছবি: শাহরুখ খান।

বলিউড বাদশা শাহরুখ খান আবারও বিশ্বসেরা ধনীদের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬-এ নতুন ভারতীয় হিসেবে তার নাম উঠে এসেছে।

বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ ১.৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০,৮০০ কোটি রুপি), যা তাকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা দিয়েছে।

৫ মার্চ প্রকাশিত তালিকায় শাহরুখ খানের অন্তর্ভুক্তিকে তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি ‘অবিস্মরণীয় মুহূর্ত’ হিসেবে অভিহিত করা হয়েছে। তালিকায় তার পাশাপাশি রয়েছেন সংগীত জগতের কিংবদন্তি জে-জি (২.৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১.৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১.৫ বিলিয়ন ডলার)। বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস (৭.৬ বিলিয়ন ডলার)।

যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে-গত বছর তা ছিল ১.৪ বিলিয়ন ডলার- তবুও ভারতের ৫৭ জন নতুন ধনীর মধ্যে তার নাম এখনো উজ্জ্বল।

শাহরুখের এই বিশাল সাম্রাজ্য কেবল অভিনয়ের ওপর দাঁড়িয়ে নেই। আয়ের বড় অংশ আসে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই প্রোডাকশন হাউসটি বর্তমানে ভারতের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এছাড়া তার আয়ের আরেকটি বড় উৎস হলো আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। এই জনপ্রিয় ও লাভজনক ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় রয়েছেন শাহরুখ খান। বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট লিগে তার দলগুলোর ব্যবসায়িক সাফল্যও তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা থেকেও বিপুল আয় করেন তিনি। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে শাহরুখ নিজেকে কেবল অভিনেতা হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে, টানা তিনটি ব্লকবাস্টার হিট দেওয়ার পর তিন বছরের বিরতি ভেঙে শাহরুখ ফিরছেন ‘কিং’ সিনেমা দিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা শাহরুখ ভক্তদের জন্য বিশেষ, কারণ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।

২০২৬ সালের বড়দিনে মুক্তি পেতে যাওয়া সিনেমায় আরও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরের মতো একঝাঁক তারকা।