প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ ১৫:৩৭ (রবিবার)
সিলেটে ঝড়-শিলা বৃষ্টিতে উড়ে গেছে ঘরের টিন, ভেঙে পড়েছে গাছ

সিলেট নগরী ও আশপাশের এলাকায় শনিবার (১৪ মার্চ) রাত থেকে রবিবার (১৫ মার্চ) সকাল পর্যন্ত ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। প্রবল আবহাওয়ার কারণে অনেক বাসাবাড়ির টিনের চাল উড়ে গেছে, কোথাও কোথাও গাছ ভেঙে পড়েছে। ফলে কিছু এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ রুদ্র তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, উড়ে যাওয়া টিনের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। টিন উড়ে যাওয়ায় বৃষ্টিতে ভিজে গেছে ঘরের সকল আসবাবপত্র। তাছাড়া কিছু এলাকায় ভেঙে পড়া গাছ রাস্তা ও বিদ্যুতের লাইনের উপরে পড়েছে। এতে করে ওই সব স্থানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে  ব্যাঘাত ঘটেছে। তাছাড়া বৃষ্টির ফলে নগরীর কয়েকটি স্থানে জলাবদ্ধতার খবরও পাওয়া গেছে।

সিলেটের বিভিন্ন এলাকায় বসতবাড়ির টিনের চাল উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাউরভাগ দ্বিতীয় খন্ড এলাকায় ঝড়ের কারণে ঘরের টিন উড়ে যাওয়ায় একটি শিশু আতঙ্কিত হয়ে কান্না করছে এবং দিগবিদিক ছুটোছুটি করছে। তাছাড়া সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটারের পাশে একটি গাছ ভেঙে ইন্টারনেট লাইনের উপর পড়ে। এতে ওই এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে বিভ্রাট দেখা দেয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা-ঝড়ো হাওয়া, বিদ্যুৎচমকানো বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। ঢাকায় বাতাস পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি বেগে প্রবাহিত হচ্ছে, অস্থায়ীভাবে তা ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বইতে পারে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সিলেটে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।