প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ ১৯:০৬ (রবিবার)
সিলেটে যেভাবে ধরা পড়লো ‌‌'শীর্ষ ছি/ন/তা/ই/কা/রী' ঝাড়ু মিয়া

সিলেট নগরী থেকে মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হল এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে ঝাড়ু মিয়া সিলেট শহরের শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত।

আটক মাসুদ আহমদ প্রকাশ ঝাড়ু মিয়া (৩৯) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের সিরাজ মিয়া ওরফে বুদু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানার শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সিডিএমএস পর্যালোচনায় ঝাড়ু মিয়ার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন (অধ্যাদেশ-২০২৫) এর ৪ ও ৫ ধারায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে।