প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ ১৯:১১ (রবিবার)
সিলেটের রেস্টুরেন্ট থেকে ৪ জনকে ধরলো পুলিশ

সিলেট নগরীর জালালাবাদ থানার সোনাতলা বাজার এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে জালালাবাদ থানার উপপরিদর্শক শাওন মাহমুদ অপুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার সংলগ্ন মনির মিয়ার ‘সাত ভাই’ রেস্টুরেন্টে অভিযান চালান। এ সময় রেস্টুরেন্টের ভেতরে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেট জেলার জালালাবাদ থানার লামারগাঁও এলাকার কছির আলীর ছেলে আলামিন (২৪), মইয়ারচর এলাকার ফরিদ উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ (৩৭), লামাগাঁও এলাকার আরিছ আলীর ছেলে আলী আকবর (৩২) এবং একই এলাকার মৃত আব্দুল বারীর ছেলে মো. ছালিক (৩৬)।

পুলিশ জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় এসএমপি অ্যাক্ট ২০০৯ এর ৯৫ ধারায় একটি নন-এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।