ছবি: হেমা মালিনী
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অস্কারের ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ তালিকায় বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর নাম থাকলেও মূল সম্প্রচারে তাকে এড়িয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও সরাসরি মুখ খুলেছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি সম্প্রচারে প্রয়াত তারকাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হলেও ভারতের ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর নাম উল্লেখ করা হয়নি। অথচ কিছুদিন আগে ৭৮তম ‘বাফটা’ মঞ্চে যথাযথ সম্মানের সঙ্গে তাকে স্মরণ করা হয়েছিল।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হেমা মালিনী বলেন, `অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক। ধর্মেন্দ্রর সঙ্গে কী করা হলো, সেসব নিয়ে আমি মোটেও ভাবিনা। তিনি জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তাহলে আজ কেন আমি অস্কারকে বিশেষ পাত্তা দিতে যাব?'
পুরস্কারের রাজনীতি বা বঞ্চনা প্রসঙ্গে তিনি আরও বলেন, `আমরা দু’জনেই আমাদের দেশে যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতেই অনেক খুশি। তবে এটা সত্যি যে, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়েছি।'