সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলের পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত শাহাদাত হোসেন জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা মরদেহটি শাহাদাত হোসেন বলে শনাক্ত করেন। মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ছিল। সঙ্গে তিনটি মোবাইল ও মাথার সামনে একটি বাঁশের লাঠি পাওয়া গেছে। তবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।