প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ১৫:১৬ (শনিবার)
সিলেটে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পৃথক সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারের অনুমোদন দেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। বিষয়টি নিশ্চিত করেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব।

বহিষ্কারাদেশে বলা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীকেও দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।