সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
সিলেটের সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। শুক্রবার (২০ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলার নকশিপুঞ্জি মন্দির ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২৭১/৭-এস এর কাছাকাছি বাংলাদেশ অংশে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই এলাকার জয়েন উদ্দিনের ছেলে মো. আফছার (২৪), মোছা. মিনারা খাতুন (২১) এবং মোছা. ইতি তাইনি (২১)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আফছার মানব পাচারকারী হিসেবে কাজ করছিলেন এবং তার সহায়তায় অপর দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।