প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ ১৫:২৪ (বৃহস্পতিবার)
সিলেটে যে কারনে একদিনে গ্রে/ফ/তা/র হলেন অর্ধশত মানুষ

সিলেট মেট্রোপলিটন পুলিশের টানা অভিযানে নগরজুড়ে একদিনে অর্ধশত ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক সময়ে পরিচালিত এই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোরাচালানকারী এবং বিভিন্ন অপরাধে সন্দেহভাজন ব্যক্তিরা ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে একই দিনের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘন্টার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এবং ডিবি একযোগে অভিযান পরিচালনা করে মোট ৪৯ জনকে গ্রেফতার করে। এর মধ্যে বিভিন্ন মামলার চারজন ওয়ারেন্টভুক্ত আসামীকে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানা পুলিশ পাঁচ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

মেট্রো অধ্যাদেশের বিধান অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা এবং তদন্তে সন্দেহভাজন হিসেবে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। একই সময়ে শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৬১ কেজি ভারতীয় জিরা, ১৫০ পিস ভারতীয় সাবান, ১৭৩ বোতল অলিভ অয়েল এবং ৫২০ পিস কিটকাট চকলেট।

এর পরের দিন মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাত্র আট ঘন্টার অভিযানে আরও ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকসহ এবং মাদকসেবী হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়।

মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই এলাকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ ১২ জন হকারকে গ্রেফতারের বিষয়টিও নিশ্চিত করেছে।

গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।