ছবি: সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন এলাকায় মোটরসাইকেলে তেল সরবরাহের ক্ষেত্রে নতুন কিছু শর্ত জারি করেছে পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত শর্তসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো হলো-
মোটরসাইকেলের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মোটরসাইকেল অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে।
চালক ও আরোহী উভয়ের মাথায় নিরাপত্তা হেলমেট থাকতে হবে।
এছাড়া, এসব শর্ত পূরণে ব্যর্থ হলে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য ফিলিং স্টেশনগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।