ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে শুরু হওয়া এ হামলায় প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চল দেশটির জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৭০ শতাংশ তেল ও গ্যাস মজুদ এই অঞ্চলে অবস্থিত এবং এখানেই প্রধান জ্বালানি অবকাঠামো গড়ে উঠেছে। ফলে এই এলাকায় হামলা বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরান কৌশলগতভাবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে সরবরাহ ব্যাহত হয় এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলা যায়।
শুধু পূর্বাঞ্চলেই নয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলীয় বন্দর নগরী ইয়ানবুতেও হামলার খবর পাওয়া গেছে।
এ ধরনের হামলা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করছে না, বরং বৈশ্বিক অর্থনীতির ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।