প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ ১৯:১৮ (শুক্রবার)
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়ালো

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ না থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে চলমান সংঘাত এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে অস্থিরতা বেড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেল-এর দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রতি ব্যারেল ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাম দাঁড়ায় ১০৩ দশমিক ৩৫ ডলার।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড-এর দামও বেড়েছে। প্রতি ব্যারেল ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে এটি ৯১ দশমিক ৪০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা এবং আলোচনার অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বাজারে বাড়তি চাপ তৈরি করছে।

এদিকে, সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও ইরান জানিয়েছে, তাদের পক্ষ থেকে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কূটনৈতিক সমাধানের ক্ষীণ সম্ভাবনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি এখনো ভঙ্গুর। ফলে নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দামে আরও অস্থিরতা অব্যাহত থাকতে পারে।