ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে পরোক্ষ আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন ইসহাক দার। তিনি জানান, এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার বলেন, ‘শান্তি আলোচনা’ নিয়ে অতিরিক্ত জল্পনা-কল্পনার প্রয়োজন নেই। বাস্তবে পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ সংলাপ চলছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫ দফার একটি প্রস্তাব শেয়ার করেছে, যা বর্তমানে ইরান বিবেচনা করছে। এ উদ্যোগে তুরস্ক ও মিসর-সহ আরও কয়েকটি দেশ সমর্থন দিচ্ছে।
এর আগে বুধবার (২৫ মার্চ) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাকিস্তানের মাধ্যমেই ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দেন।
বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্র- উভয় দেশের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক এবং আঞ্চলিক যোগাযোগ থাকায় ইসলামাবাদকে কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। এ প্রক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইসহাক দার নিয়মিতভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন।
এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-ও কূটনৈতিক তৎপরতায় যুক্ত রয়েছেন। জানা গেছে, গত রোববার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে কথা বলেছেন।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি কোনো আলোচনার কথা অস্বীকার করে বলেছেন, বর্তমানে তাদের নীতি প্রতিরোধ চালিয়ে যাওয়া। যদিও তিনি স্বীকার করেছেন, বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।
সর্বশেষ পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়লেও সরাসরি আলোচনার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।