প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ ২০:৫৬ (শুক্রবার)
কলেজছাত্র অয়ন ১৭ দিন ধরে নিখোঁজ, পরিবারে উদ্বেগ

ছবি: অয়ন দেব

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব (১৮) গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে।

পরিবার ও থানার সূত্রে জানা যায়, অয়ন দেব লংলা আধুনিক ডিগ্রি কলেজ-এর একজন নিয়মিত শিক্ষার্থী এবং চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। গত ৯ মার্চ সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হলেও সেখানে পৌঁছাননি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার দিন রাতেই অয়নের চাচা পরিমল দেব কুলাউড়া থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবার জানায়, নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিমল দেব বলেন, ‘অয়ন কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ১৭ দিন ধরে তার কোনো খোঁজ নেই। তার বাবা-মা ভেঙে পড়েছেন। যদি কেউ তার সন্ধান পান, অনুগ্রহ করে ০১৭৭২-৩৬৮৮৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।’

উল্লেখ্য, নিখোঁজের দিন অয়ন নিজের মোবাইল ফোন বাড়িতেই রেখে যায়, ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো সুযোগ নেই।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান জানান, অয়ন তাদের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রমজান উপলক্ষে কলেজ বন্ধ থাকলেও নিখোঁজের বিষয়টি তারা পরিবারের কাছ থেকে জেনেছেন এবং তাকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

কুলাউড়া থানা-এর সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কল লিস্ট ও লোকেশন ট্র্যাকিং করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং দ্রুত অয়ন দেবের সন্ধান পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।