প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২০:৫৪ (শনিবার)
ক্ষে/প/ণা/স্ত্রে ভারত-পাকিস্তানসহ চার দেশের নাম লিখলো ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার নতুন ধাপ চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে আবারও সক্রিয় হয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৩তম ধাপে হামলা চালানোর পাশাপাশি ভারত, পাকিস্তানসহ চারটি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।

শুক্রবার (২৭ মার্চ) হিন্দুস্তান টাইমস্ এবং দ্য টাইমস্ অব ইন্ডিয়া- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুম্বাই-এ অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ প্রকাশ করা হয়।

ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় এই হামলা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরাইলের আশদোদ এলাকার তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া আল-ধাফরা এয়ার বেস ও আল-উদেইরি ঘাঁটি-সহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

এই হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

বিশ্লেষকদের মতে, ইরানের এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।