প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ১৮:৩২ (রবিবার)
যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত এবং অবস্থানের মেয়াদ নির্ধারণের পূর্ণ ক্ষমতা থাকে প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তার হাতে।

দূতাবাস জানায়, একটি মার্কিন ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন-এসব বিষয় নির্ধারণ করেন সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা। প্রয়োজনে ভিসা থাকা সত্ত্বেও কাউকে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

ভিসাধারীদের সতর্ক করে আরও বলা হয়, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করা- যেমন টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা-গুরুতর অপরাধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মার্কিন দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা প্রাপ্তি বা পুনরায় ভ্রমণের সুযোগ নির্ভর করে।

সম্প্রতি ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের বিষয়ে কড়াকড়ির অংশ হিসেবেই দূতাবাস নিয়মিত এমন সচেতনতামূলক বার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।