প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ২০:২০ (রবিবার)
জগন্নাথপুরে অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী পালিত

ছবি:অধ্যাপক আবু খালেদ চৌধুরী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাবেক দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ অধ্যাপক আবু খালেদ চৌধুরী-এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) তাঁর নিজ বাড়িতে আয়োজিত এই দোয়া মাহফিলে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অধ্যাপক আবু খালেদ চৌধুরী ১৯৪৩ সালের ২৩ মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন একজন শিক্ষক এবং চাচা আব্দুল বারী চৌধুরী সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান ও আসাম প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) ছিলেন।

তিনি আশারকান্দিতে প্রাথমিক শিক্ষা শেষে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং এম সি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি অধ্যাপনা পেশায় যুক্ত হন এবং রাঙামাটি ডিগ্রি কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা ডিগ্রি কলেজ ও সিলেটের এমসি কলেজে শিক্ষকতা করেন। পাশাপাশি আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন।

গবেষণামূলক লেখালেখিতেও তিনি ছিলেন সক্রিয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.)’, ‘উপজেলা সংবাদ’ এবং ‘বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ’।

উল্লেখ্য, এই গুণী ব্যক্তিত্ব ২০০৩ সালের ২৩ মার্চ ইন্তেকাল করেন। তাঁর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন স্থানীয়রা।