ছবি: সংগৃহীত
ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শিগগিরই টুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২৮ মার্চ) পাবনার শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুরিস্ট ভিসা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোজ কুমার বলেন, ‘খুব শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার নির্ধারিত টাকার বাইরে ভিসার জন্য কেউ অতিরিক্ত অর্থ প্রদান করবেন না। আবেদনকারীরা নিজেরাই ফরম পূরণ করে নির্ধারিত ফি জমা দেবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ অন্যান্যরা।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটি-র সভাপতি প্রাণ শঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মন।
পরে সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সৎসঙ্গ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া তিনি পাবনা শহরের শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।