প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ২২:৩২ (রবিবার)
ভূমধ্যসাগরে নৌকা/ডুবি: সুনামগঞ্জের চার তরুণের মৃ/ত্যু

ছবি: প্রতীকী

সুনামগঞ্জের হাওর উপজেলা দিরাইয়ের প্রত্যন্ত গ্রামের চার তরুণ অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চারজনের মধ্যে তিনজন উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের এবং একজন রাজানগর ইউনিয়নের ররনারচর গ্রামের বাসিন্দা। তারা হলেন-তারাপাশা গ্রামের নূরুজ্জামান সরদার ময়না, সাজিদ, শাহান এবং ররনারচরের মুজিবুর রহমান।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলে এবং তারা অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালের মাধ্যমে তারা বিপুল অর্থ খরচ করে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। ময়নার মামা উমেদ আলী বলেন, তিন ভাই ও চার বোনের মধ্যে ময়না ছিল সবার আদরের। তার বাবা ১২ লাখ টাকা চুক্তিতে ছেলেকে ইতালি পাঠিয়েছিলেন। জমি ও গরু বিক্রি করে দালালের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘এখন টাকাও গেল, ছেলেও চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা দালাল চক্রের বিচার চাই।’

একই গ্রামের ইউপি সদস্য শাহনুর মিয়া বলেন, ইউরোপে যাওয়ার স্বপ্নে অনেক তরুণ জমিজমা, গরু এমনকি পরিবারের স্বর্ণালঙ্কার বিক্রি করে দালালের ফাঁদে পড়েছিল। লিবিয়া হয়ে তারা সাগরপথে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন, সেখানে সাগরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারগুলোতে চলছে কান্নার রোল।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, ‘আমরা শুনেছি এখানকার কয়েকজনের কথা। ফেইসবুকেও দেখেছি। আমি ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিশ্চিত হতে নিহতদের বাড়িতে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’

 

সূত্র: বিডিনিউজ