প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ ১৫:২৮ (সোমবার)
প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সরকার দ্রুতই এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হবে।’

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে এই চার্জ প্রত্যাহারের দাবি জানানো হচ্ছিল।
সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।