প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ ১৮:৫২ (সোমবার)
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ স্বাধীনতা উৎসব সম্পন্ন

ছবি: সাজু মারছিয়াং

মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ‘স্বাধীনতা উৎসব ২০২৬থ অনুষ্ঠিত হয়েছে।

গেল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের আয়োজনে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়্যিদ মুজিবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, সঙ্গীতজ্ঞ বুলবুল আনাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসার ইকবাল, ডা. বিনেন্দু ভৌমিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. সাইফুল ইসলাম, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল, উদীচী শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ রায় বিষু, মুখপাত্র ও নাট্যকর্মী দেলোয়ার হোসেন মামুন, সদস্য সচিব গোবিন্দ রায় সুমন, পলাশ চৌধুরী, তুহিন চৌধুরীসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

উদ্বোধনী বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘একসময় শ্রীমঙ্গল দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি উজ্জ্বল কেন্দ্র ছিল। নাটক, গান ও নৃত্যসহ নানা আয়োজনের মাধ্যমে এ অঞ্চল ছিল প্রাণবন্ত। কিন্তু দীর্ঘদিন ধরে সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় অনেক সংগঠন স্থবির হয়ে পড়ে এবং মানুষ সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যায়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় সম্মিলিত উদ্যোগে আবারও সাংস্কৃতিক চর্চা জোরদার করা সম্ভব।’

সুস্থ সংস্কৃতি চর্চা একটি সমাজকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন করে তোলে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন শুক্রবার ১৮টি সংগঠনের মধ্যে ৯টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করে।

দ্বিতীয় দিন শনিবার বাকি ৯টি সংগঠন অংশ নিয়ে পরিবেশনায় বৈচিত্র্য যোগ করে।