প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ ১৯:৩৬ (সোমবার)
শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন, অবৈধ মজুদ রোধে কঠোর নজরদারি

ছবি: সাজু মারছিয়াং

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি প্রধান তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ডিপো গুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি ডিপোতে একটি করে সেকশন মোতায়েন রেখে নিয়মিত তদারকি ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত যানবাহনের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে তেল পাচার রোধ করা যায়।

এ সময় তিনি গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান।