প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ১৮:০৭ (বুধবার)
ভোটের দিন দুই জেলায় সাধারণ ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ মার্চ) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সাধারণ ছুটি ঘোষণা প্রয়োজন বলে জানায় ইসি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বগুড়া-৬ আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান, উপ-নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এক প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, এ আসনে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় ইসি।

এদিকে শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এই আসনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এক প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।