ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের সময় ৭০৯ কেজি চালসহ এক ডিলারকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (রাত ৯টার দিকে) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চালের দোকান থেকে সরকারি বরাদ্দের ৭০৯ কেজি চাল জব্দ করা হয়।
আটক ব্যক্তি জাকারিয়া চৌধুরী রতন লাখাই উপজেলার করাব ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। অভিযান শেষে তাকে রাতেই লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর হাতে আটক জাকারিয়া চৌধুরী রতনকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ডিলার জাকারিয়া চৌধুরী রতন তার সহযোগীদের মাধ্যমে টমটম (ইজিবাইক) ব্যবহার করে সরকারি চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকার ব্যবসায়ী আবুল কাশেমের দোকানে পাঠান। খবর পেয়ে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।