প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ১৯:২৩ (বুধবার)
বাহুবলে শ্যামলী পরিবহনের বাস উল্টে আহত ১৫ যাত্রী

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্যামলী পরিবহনের বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলার স্থানীয় বাজারগুলোর ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী জানান, দুর্ঘটনায় আহত কোনো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।

খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।